মো. আসতারুল আলম, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৩০০ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয় এবং ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বোর্ডের হাট শাখা প্রাঙ্গণে ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক অমল কুমার ধাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) শংকর কুমার কুন্ডু (দিনাজপুর-১), এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শফিকুল ইসলাম (শফিক), এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. শফিকুল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আব্দুর রহিম, রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএস লিড জেনারেশন) মো. খোরশেদ আলম, মো. আশরাফুর রহমান এবং শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চক্ষুজনিত সমস্যার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে অনেক মানুষ অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন।
তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি ব্র্যাক কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। কর্মশালায় গবাদিপশুর নিরাপত্তা বীমা, শস্য নিরাপত্তা বীমা এবং কৃষির আধুনিকায়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের আর্থিক ঝুঁকি কমানো, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে সহায়তা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
জুন ৯, ২০২৬


































