২ লাখ ৯৫ হাজার ৬০টি বৃক্ষ চারা বিক্রি
মো. ইউসুফ আলী, দিনাজপুর :
“পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার (২৮ জুলাই) দিনাজপুর ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে দশদিন ব্যাপী দিনাজপুর জেলা বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সাড়ে ৫টায় বড়মাঠে মেলা মঞ্চে দশদিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক ও বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক ড. মো. সুলতানুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মো. আনোয়ার হোসেন সরকার।
আয়োজকরা জানান, দশদিন ব্যাপী বৃক্ষমেলায় ৯৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ২ লাখ ৯৫ হাজার ৬০টি বৃক্ষ চারা বিক্রি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী সংরক্ষক নুরুন্নাহার। এরপর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল সমূহের মধ্যে সনদপত্র প্রদান করা হয় এবং তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া প্রথম দিনের কুইজ প্রতিযোগিতার সঠিক উত্তরদাতা ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ হারুন উর রশিদ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে দশদিন ব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জুলাই ২৮, ২০২৫
































