দিনাজপুর সংবাদদাতা :
দিনাজপুর সদরের শশরা ইউপির চুনিয়াপাড়ায় শুক্রবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুরে একটি গ্যারেজ থেকে ডাকাতির ঘটনায় সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৮টি ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাগলু গাড়ি, টাকা, মোবাইলফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া আমনগর এলাকার শমবারু দাস (২৬), একই উপজেলার দীপু চন্দ্র দাস (৩০), বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাস পাড়া এলাকার সুজন দাস(২৭), কাহারোল উপজেলার রামপুর এলাকার গাড়ির চালক মো. আলমগীর হোসেন (৩৬) এবং একই উপজেলার ডোহন্দা এলাকার মো. দুলাল হোসেন (৩৬)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান। এ সময় পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ির গ্যারেজে প্রবেশ করে নাইট গার্ডসহ ছয়জনকে হাত পা বেঁধে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়ি থেকে ২০টি ব্যাটারি, নগদ টাকা, পানির মটর ও ছয়টি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির পর ডাকাত দলের ৫ সদস্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলা উপজেলায় গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































