বগুড়া ব্যুরো :
বগুড়ার কাহালুতে পথ ভুল করে লোকালয়ে প্রবেশ করেছে একটি হনুমান। দলছুট এই হনুমানটি বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে পুরো পৌর এলাকায়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কাহালু পৌর এলাকার ৩নং ওয়ার্ডের জামতলা এলাকায় ওই হনুমানকে স্থানীয় লোকজন দেখতে পায়।
বন্যপ্রাণী হনুমান লোকালয়ে প্রবেশ করায় মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিারজ করলেও উৎসুক জনতা হনুমানটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। এসময় হনুমানটি জামতলা এলাকায় একটি কড়ই গাছে উঠে। এরপর রেল লাইনের পাশে দোকানের টিনের চালে উঠে। দোকান ঘরের এক চাল থেকে আরেক চালে লাফালাফি করতে থাকে। দুপুরে রেলস্টেশন এলাকায় বিভিন্ন দোকানের চালে উঠে আপন ইচ্ছেয় হনুমানটি ছোটাছুটি করতে থাকে। বিকেল ৩ টার দিকে কাঁচা বাজারে একটি পানির ট্যাংকে বসে থাকতে দেখা যায়। এসময় কয়েকজন প্রাণি প্রেমিক হনুমানটিকে কলা, পাউরুটি খেতে দেয়।
কাহালু উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক জানান, এটি বন্যপ্রাণী। আতঙ্কের কিছু নেই। পথ ভুল করে লোকালয়ে প্রবেশ করেছে। আপন ইচ্ছেয় হনুমানটি বনে চলে যাবে। তিনি হনুমানটিকে ঢিল বা অন্য কিছু ছুঁড়ে উত্যক্ত না করার অনুরোধ জানান।
আমন্ত্রণ/এজি
দলছুট হনুমান বগুড়ার লোকালয়ে
ফেব্রুয়ারি ১৬, ২০২৬


































