আমন্ত্রণ আন্তর্জাতিক ডেস্ক :
প্রায় ১০ দিন আগে যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার মধ্যরাতের পর ইরানের রাজধানী তেহরানে সবচেয়ে তীব্র হামলার ঘটনা ঘটেছে। হামলার তীব্রতার দিক থেকে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ রাত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভেল জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় একের পর এক হামলা হয়েছে। হামলার সংখ্যা এত বেশি ছিল যে সেগুলো গুণে রাখা সম্ভব হয়নি।তিনি বলেন, হামলার তীব্রতায় আল জাজিরার অফিসের জানালাগুলোও কেঁপে উঠেছে।
রাজধানীর পাশাপাশি তেহরানের উত্তরাঞ্চলের খারাজ শহরেও একই ধরনের তীব্র হামলার খবর পাওয়া গেছে। তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কারা হামলা চালিয়েছে—সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে হামলার সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সক্রিয় ছিল বলেও জানিয়েছেন ওই সাংবাদিক। তিনি বলেন, গত কয়েক দিন ধরেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করতে দেখা যাচ্ছিল, তবে মঙ্গলবার রাতে তা সবচেয়ে বেশি সক্রিয় ছিল।
সূত্র: আল জাজিরা


































