বগুড়া ব্যুরো :
ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেও শেষ রক্ষা হয়নি তার।
জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে নাজিরুল ইসলাম নাজিরের বাগবিতণ্ডা হয়। এ সময় তার অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত নাজিরুল ইসলাম শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ভোলার ছেলে।
বিএনপির পক্ষ থেকে শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজির এমন কিছু কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন যা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জেলা বিএনপির নির্দেশনায় শাজাহানপুর উপজেলা বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে।
শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নীতি অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নাজিরুল ইসলাম নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তবে দলের হাইকমান্ড বিশৃঙ্খলা ও জনবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় শেষ পর্যন্ত তাকে পদ হারাতে হলো। এলাকায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বিএনপির সাধারণ কর্মীরা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
আমন্ত্রণ/এজি
ট্রাফিক পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ: ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা নাজির
জানুয়ারি ২, ২০২৬


































