বগুড়া ব্যুরো :
জামিনে মুক্ত হয়ে বাড়ি যাওয়ার পথে আবার গ্রেপ্তার হয়েছেন বগুড়ায় আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উচ্চ আদালতের আদেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। পরে বাড়ি যাওয়ার পথে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে সদর থানায় হত্যা চেষ্টার ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর স্বামী-স্ত্রী দুজনেই কারাগারে বন্দী ছিলেন।
ওসি এসএম মঈনুদ্দিন বলেন, স¤প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। সেই অনুযায়ী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
জামিনে বেরিয়ে ফের গ্রেপ্তার বগুড়ায় আ’লীগ নেত্রী লিপি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫


































