জয়পুরহাট সংবাদদাতা :
জয়পুরহাট-নওগাঁ মহাসড়কের খঞ্জনপুর মিশন এলাকায় রোববার (১৫ জুন) রাত ১২ টার দিকে ট্রাক-ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরো ৫ জন। নিহতের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামে।
আহতরা হলেন, মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে নিহা আক্তার (২)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামে।
পুলিশ জানায়, নিহত আটোরিকশা চালক ইদ্রিস আলী ৫ জন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দুর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী একটি মেসি ট্রাক্টরের সঙ্গেও ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ইদ্রিস আলী মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে গুরুতর শামীম হোসেন ও তার স্ত্রী মিনু আক্তার এবং মাসুদ হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়পুরহাট সদর থানার ওসি খন্দকার ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
জয়পুরহাটে ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, শিশুসহ আহত ৫
জুন ১৬, ২০২৫


































