জাহিদুল ইসলাম জাহিদ, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের ঘোড়াঘাটে বিপুল পরিমানে নেশা জাতীয় মাদক “ট্যাপেন্টাডল ট্যাবলেট” সহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, আজ বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কামদিয়া রোড হয়ে একটি মাদকের চালান ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদ পাই। এসময় কামদিয়া রোডে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর দুইজন মাদক কারবারী একটি বড় মাদকের চালান নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ হাজার পিস নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, এঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনূর মিয়াকে (৩৬) আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ঘোড়াঘাটে বিপুল পরিমাণে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২
ডিসেম্বর ১৮, ২০২৪
































