গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারের সাথে জড়িত রাব্বি মোরশেদ খান (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা–রংপুর মহাসড়কের উপজেলার মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দফতরটির পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গাড়িটি জব্দ করা হয়। গ্রেফতার রাব্বি মোরশেদ খানের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সে ঢাকার বাসিন্দা। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি


































