আমন্ত্রণ প্রতিবেদক :
“গান মানুষের প্রাণের কথা বলে”-এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর প্রেসক্লাব ও স্টুডিও “সা”র সহযোগিতায় গীতিকার অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসান ও সুরকার মোঃ হাসান আলী শাহ্ এর সুরে ১৪টি নতুন মৌলিক আধুনিক গানের অনুষ্ঠান মাতিয়ে তুলেছে দিনাজপুরের সংগীত পিপাসুদের হৃদয়ে “সুরের অনুরণন” অনুষ্ঠান।
সংগীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী মোঃ হাসান আলী শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, যারা গান ভালোবাসেনা তারা যে কোন সময় একজন মানুষকে খুন করতে পারে। সংগীত মানুষের হৃদয়ের স্পন্দন যোগায়-বেঁচে থাকার প্রেরণা দেয়। প্রধান আলোচ্যক হিসেবে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও গীতিকার প্রফেসর মোঃ আবুল হাসান বলেন, আমার বন্ধু হাসান আলী শাহ্’র সহযোগিতায় দিনাজপুরের সংগীত পিপাসু মানুষের সামনে আমার রচিত ১৪টি মৌলিক আধুনিক গান উপহার দিতে পেরেছি। গান হচ্ছে সুন্দর প্রজন্মের আত্মা। এই আত্মাই মানুষের মন-প্রাণকে পবিত্র রাখে-অপরাধ করতে দেয় না। সেইসাথে তাদের হৃদয়ে জন্ম নেয় দেশপ্রেম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সংগঠনের উপদেষ্টা মোঃ আবু বক্কর সিদ্দিক। সংগীত পরিবেশন করেন ডাঃ শহিদুল ইসলাম খান, মোঃ হাসান আলী শাহ্, মোঃ মোকসেদ আলী, ফেরদৌসার রহমান, মোঃ শফিকুল ইসলাম বকুল, প্রশান্ত কুমার রায়, লহ্মী কান্ত রায়, শিমুল রাণী কর্মকার, পম্পী সরকার, হাফিজা শারমিন সুমি, রাইসা তাসনীম, বর্ণমালা ইসলাম প্রজ্ঞা, মেঘা ঘোষ ও সাধনা সাধ। শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মোঃ আবুল হাসানের সহধর্মিনী নাসিমা আক্তার ছবি বলেন, দিনাজপুরের মানুষ আমাদের আপন করে নিয়ে যে সম্মান দিয়েছে তা আমরা কোনদিন ভুলবো না। এতোদিন শুনেছি দিনাজপুরের মানুষ, আত্মিয়-পরায়ন আজ তা বাস্তবে দেখলাম। প্রাণবন্ত সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যশিল্পী প্রভাষক হারুন-উর-রশিদ।


































