মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে জন্ম নেওয়া অবিভাবকহীন এক কন্যা সন্তানের ঠাঁই হয়েছে বিত্তশালী পরিবারের চারতলায়।
জানা গেছে, বিরামপুর রেলস্টেশনে গত ১০ নভেম্বর দিবাগত গভীর রাতে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে এবং ঐ নারী হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিরুপায় হয়ে স্টেশন এলাকার আমেনা বেগম শিশুটিকে হেফাজতে রাখেন।
বিরামপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব আব্দুল আউয়াল জানান, অভিভাবকহীন শিশুটিকে প্রতিপালনের জন্য ৫টি পরিবার আমাদের নিকট আবেদন করে। আবেদনকারীদের স্বচ্ছলতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনা করে একটি পরিবারকে নির্বাচিত করা হয়।
বিরামপুর কলেজপাড়া (হোসেনপুর) মহল্লার নির্বাচিত পরিবারের প্রধান অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন ও তার স্ত্রী ছাবিনা আকতার লীজা নবজাতকের নামে ২২শতক জমি রেজিষ্ট্রি করে দিয়ে এবং শিশুর নামে টাকা ডিপোজিটের অঙ্গিকার করে বৃহস্পতিবার ২৭নভেম্বর সন্ধ্যায় শিশুকে নিজের কোলে তুলে নেন।
শিশুকে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে তুলে দেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বহু আকাঙ্খিত একটি কন্যা সন্তান পেয়ে আনন্দে আপ্লুত সাবেক সেনা সদস্য ইকবাল হোসেন ও তার স্ত্রী ছাবিনা আকতার লীজা বলেন, আমাদের দুটি পুত্র সন্তান রয়েছে। আমাদের একটি কন্যা সন্তানের প্রত্যাশা ছিল। আল্লাহ তা‘য়ালা আমাদের সেই আশা পূরণ করে দিয়েছেন। আমরা তাকে বুকে আগলে নিয়ে আমাদের চার তালায় তুলেছি। তার নাম রাখা হয়েছে ফাতেমা জান্নাত তুবা, তার প্রতিপালনে আমরা সর্বাত্মক চেষ্ঠা করবো।
আমন্ত্রণ/এসিজি


































