শেরপুর সংবাদদাতা :
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি মাঠে অোজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত এবং সাতজন আহত হয়েছেন। শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়লা আলাদী গ্রামের মোলা বক্স কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলা ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে ও খানপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোরছালিন। আহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল, আকতারের ছেলে মেরাজুল, নুরুল ইসলামের ছেলে রানা, জহুরুলের ছেলে রুস্তম, সাত্তারের ছেলে সিহাব, রাকিব ও কামরুল।
স্থানীয়রা জানান, জয়লা আলদী গ্রামে বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকা জুড়ে বালু-মাটির স্তুপের ওপর দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এসময় বজ্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আরও একজন মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, মোরছালিন নামের একজন কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়ারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
শেরপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত, আহত ৭
অক্টোবর ৫, ২০২৪


































