মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে জাল টাকা ও জাল ডলার এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ ৩ জন প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের ধুলাউরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কুঠিপাড়া(গুরাতিপাড়া) গ্রামের আজিজার রহমানের ছেলে মো. লিটন (২৫), একই গ্রামের রমজান আলীর ছেলে মো. শাকিল শেখ (২৮) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট (খেয়ারপাড়া) গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. শামিম (২৭)।
গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে নগদ এক হাজার টাকার নোট ২৬০টি , এক ডলারের জাল নোট ১০১টি এবং তাদের প্রতারণার কাজে ব্যবহৃত ১টি পুরাতন এ্যাশ কালারের রেজিস্ট্রেশন বিহীন এনএস ১২৫ সিসি বাজাজ কোম্পানীর পালসার মোটরসাইকেল ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম জানান, থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে এএসআই সিরাজুল আওলাদ সুমনসহ সঙ্গীয় পুলিশের একটি টিম শনিবার রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের ধুলাউরী এলাকার শাহজাহান আলীর মার্কেটের দোকানের সামনে বারান্দায় স্থানীয়দের সহযোগিতায় জাল টাকা ও ডলারসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। রোববার দুপুরে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর বীরগঞ্জ থানার তাদের বিরুদ্ধে মামলা হয়। যাহার মামলা নং-১।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে জাল নোটসহ ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার
সেপ্টেম্বর ২, ২০২৪


































