বগুড়া ব্যুরো :
বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে বগুড়ায় নিহত শিক্ষক শহীদ সেলিম হোসেনের নামে তার গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার পিবর বন্দরের চারমাথাকে শহীদ সেলিম মাস্টার চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ সেলিমের কবর জিয়ারত করে এই ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। পরে তিনি শহীদ সেলিম মাস্টার চত্বরের নাম ফলক উন্মোচন করেন।
সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তবে তিনি স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বগুড়া পৌরসভার হরিগাড়ি ছিলিমপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি বগুড়া লাইট হাউস স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ছিলেন।
৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা ৩টায় বগুড়া শহরের সাতমাথা স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন। পরে তাকে রামদা দিয়ে কুপিয়ে এবং হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম নিহত শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। পরে সন্ধ্যায় পীরব বন্দরের চারমাথাকে শহীদ সেলিম মাস্টার চত্বর হিসেবে ঘোষণা করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপি নেতা এস.এম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, থানা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি নেতা আব্দুল করিম, ফারুক আহমেদ, আবু তাহের, যুবদল নেতা খালিদ হাসান আরমান, মাহদী হাসান তমাল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, থানা ছাত্রদল নেতা মীর মুন, বিপুল আহমেদ, আল আমিন, সাদ্দাম হোসেন প্রমুখ।
অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত শিবগঞ্জের কৃতি সন্তান শহীদ সেলিম মাস্টারের স্মরণে পিরব চারমাথা বন্দরকে শহীদ সেলিম মাস্টার চত্বর নামকরণ করে স্মৃতিফলক উন্মোচন করা হয়।
উল্লেখ, শিক্ষক সেলিম হোসেন হত্যাকাÐের ঘটনায় নিহতের বাবা সেকেন্দার আলী গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করে মোট ১০১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় আরও ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলায় বগুড়ার দুই এমপিসহ শীর্ষ আওয়ামী লীগের নেতাতর্মীরা আসামী রয়েছেন। এর আগে বিএনপির সভাপতি মীর শাহে আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিবগঞ্জ সদরের বঙ্গবন্ধু চত্বরকে শহীদ মুগ্ধ চত্বর এবং সোনালী ব্যাংক চত্বরকে শহীদ রনি চত্বর হিসেবে ঘোষণা করেন।
আমন্ত্রণ/এসিজি


































