অমর চাঁদ গুপ্ত অপু :
দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। শনিবার (২৭ জুলাই) প্রতি কেজি ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। অথচ একদিন আগে শুক্রবার (২৬ জুলাই) কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতিকেজি ১৩০ টাকায়।
শনিবার (২৭ জুলাই) সকালে ফুলবাড়ী পৌর এলাকার পাইকারি সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় এবং স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচা মরিচের আমদানি স্বাভাবিক থাকার পরও কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। অথচ গত শুক্রবার (২৬ জুলাই) একই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় খুচরা সবজি বিক্রেতারা বলেন, সব ধরনের সবজির দাম বিশেষ করে এই মুহুর্তে কাঁচা মরিচের দাম সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা। তারা যেভাবে দাম সকালে নির্ধারণ করেন, খুচরা ব্যবসায়ীরা সেভাবেই বেচাবিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রত্যেক পাইকারি ব্যবসায়ীর ঘরে পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচ মজুদ থাকার পরও আমদানি কম হওয়ার অজুহাত দেখিয়ে প্রতিকেজিতে ৫০ টাকা বাড়িয়ে দিয়ে বিক্রি করছেন। অথচ একদিন আগে শুক্রবার (২৬ জুলাই) কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতিকেজি ১৩০ টাকায়।
সবজি কিনতে আসা রনি কুমার বলেন, একদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ১৩০ টাকা কেজিতে কিনতে পারলেও আজ শনিবার (২৭ জুলাই) কেজিতে ৫০ টাকা বেড়ে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। স্থানীয় হোটেল ব্যবসায়ী খোকন পাল ও রাজু কুমার বলেন, তাদের প্রতিদিন হোটেলের সব ধরণের তরকারির জন্য কাঁচা মরচের নিত্য প্রয়োজন হয়। এজন্য প্রতিদিন এক থেকে দেড় কেজি কাঁচা মরিচের প্রয়োজন হয়। একদিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে যাওয়ায় প্রয়োজনের চেয়ে কম পরিমাণে কাঁচা মরিচ কিনেছেন তারা।
খুচরা সবজি বিক্রেতা হারুন উর রশীদ ও শাহ আলম বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও প্রতি কেজিতে ৫০ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। শুক্রবার (২৬ জুলাই) প্রতি কেজি কাঁচা মরিচ ১৩০ টাকায় বিক্রি হলেও আজ শনিবার (২৭ জুলাই) কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি করতে হচ্ছে ১৮০ টাকায়। কি কারণে দাম বেড়েছে সেটা স্থানীয় পাইকারি ব্যবসায়ীরাই ভালো বলতে পারবেন।
পাইকারী ব্যবসায়ী আমজাদ হোসেন ও কালুকান্ত দত্ত বলেন, বাজারে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ায় দাম একটু বেড়েছে। এজন্য খুচরা বাজারেও দাম বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে খুচরা বাজারেও দাম কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, সবজি বাজারে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রাখা হয়েছে। এরপরও কেউ কোনো পণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফার চেষ্টা করলে তার বিরম্নদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি
একদিনের ব্যবধানে আবারো কাঁচা মরিচের দাম বাড়লো কেজিতে ৫০ টাকা
জুলাই ২৭, ২০২৪
































