জিন্নাত হোসেন, দিনাজপুর :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সকল সূচকে এগিয়ে যাচ্ছিলো। বঙ্গবন্ধু কন্যা আজকে উন্নয়নের রোল মডেল। ঠিক এই মুহুর্তে উন্নয়নকে ব্যাহত করার জন্য বাংলাদেশকে একটি অকার্যকর ও একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি, জামাত, শিবির ও যারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত তারাই গত কিছুদিন ধরে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে।
হুইপ বলেন, সন্ত্রাসীরা নাগরিক জীবনকে বিপন্ন করে তুলেছে। তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য মেট্রোরেলের স্টেশনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। পদ্মাসেতুর প্রতি ইর্ষান্বিত হয়ে সেতু ভবনে গান পাউডার দিয়ে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। এ ছাড়াও বিটিভিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্র্ণ স্থানে হামলা করেছে তারা।
তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন সার্ভার স্টেশনগুলোতে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। সাবমেরিন কেবল, যেগুলো মাটির নিচ দিয়ে যায়, কিছু কিছু জায়গায় মাটির উপরে থাকে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে উপরের অংশটুকু কেটে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। এই কারনে আজকে গোটা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে। জনগন, ব্যবসায়ী, ছাত্রছাত্রীদের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে। আমদানী রপ্তানি ও ব্যাংকিং খাতে কার্যক্রম ব্যহত হচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছি, বিশৃঙ্খলা ঘটিয়েছি, যারা মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, থানা লুট করেছে, নরসিংদিতেও কারাগারে হামলা করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবোধ হয়ে প্রতিরোধ করতে হবে।
যারা নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বিএনপি, জামাত-শিবির দিনাজপুর জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে। তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। দেশে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের কাউকেও ছাড় দেয়া হবে না।
শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় বিএনপি, জামাত-শিবির কর্তৃক দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের স্থান পরিদর্শন করেন এবং সাংবাদিকদের প্রেস ব্রিফিং ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, সাবেক এমপি সুলতানা বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এজি
বিএনপি-জামাত-শিবিরের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে : -হুইপ ইকবালুর রহিম এমপি
জুলাই ২৭, ২০২৪






























