আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
শুরুর হারে শঙ্কা জেগেছিল। এশিয়া কাপের সেই শঙ্কা কেটে গেছে টানা দুই জয়ে। শ্রীলঙ্কার কাছে হারের পর থাইল্যান্ড ও মালয়েশিয়ান মেয়েদের হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুইশ ছুঁইছুঁই স্কোর গড়ার পর দাপুটে বোলিংয়ে এসেছে ১১৪ রানের বড় জয়। নিগার সুলতানা জ্যোতিদের তাতেই নিশ্চিত হয়েছে শেষ চার।
এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ‘এ’ গ্রুপের ভারত, পাকিস্তান, নেপাল ও আরব আমিরাতের মাঝে শেষ চারের টিকিট পেয়েছে ভারত ও পাকিস্তানের মেয়েরা। গ্রুপের সেরা হয়েছে হারমনপ্রিত কৌরের দল। ‘বি’ গ্রুপের এখনও একটি খেলা বাকি। বাংলাদেশ-মালয়েশিয়া বাদেও বুধবার শেষ চারের লক্ষ্যে নামবে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এ গ্রুপের হিসাব-নিকাশ বেশ জটিল। চার দলের এ গ্রুপের বাংলাদেশের পর শ্রীলঙ্কা ও থাইল্যান্ড আছে সেমির দৌড়ে।
শ্রীলঙ্কার ডাম্বুলায় এদিন টস জিতে ব্যাটিংয়ে তাণ্ডব চালান টাইগ্রেসরা। বুধবার ওপেনিং জুটিতে আসে ৬৫ রান। ২০ বলে ৩৩ রান করে দিলারা ফিরলেও অপরপাশে ঝড় জারি রাখেন মুর্শিদা খাতুন। তিনে নেমে তার সঙ্গে যোগ দেন অধিনায়ক জ্যোতি। ১০ চার ও এক ছক্কায় ৫৯ বলে ৮০ রান করেন মুর্শিদা। নিগারের ব্যাট থেকে আসে ৬২ রান। অপরাজিত ইনিংসে ৩৭ বলে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার। প্রতিপক্ষের বোলারদের নাকানিচুবানি খাওয়ানো টাইগ্রেসরা এদিন ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৯২ রান।
বড় লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায়নি মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারানো মালয়েশিয়ান মেয়েদের বিপক্ষে সাত বাংলাদেশি বোলারের ছয়জনেই পেয়েছেন উইকেট। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে দুটি উিইকেট নিয়েছেন নাহিদা আক্তার।
মালয়েশিয়ানদের হয়ে এদিন সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে মারিয়াহ ইজ্জাত ইসমাইলের ব্যাটে। টাইগ্রেসদের বড় সংগ্রহ এনে দেওয়া মুর্শিদা হয়েছেন ম্যাচের সেরা।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচের যেকোনো একটি দল উঠবে সেমিতে। ওই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশ শেষ চারে ভারত নাকি পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাবে, তার ওপর।
আমন্ত্রণ/এজি


































