বগুড়া ব্যুরো ও সোনাতলা প্রতিনিধি :
বগুড়ায় পৃথক দুই স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কলেজ ছাত্রী এবং অপর দু’জন স্কুলছাত্র। মঙ্গলবার সকালে বগুড়ার সোনাতলা এবং বগুড়া শহরতলীর দ্বিত্বীয় বাইপাস সড়কে দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাহানা আকতার(১৮) এবং বগুড়ার গাবতলী উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের স্কুলছাত্র সিফাত ইসলাম(১৫) ও মহানুর রহমান(১৫)। তারা স্থানীয় স্কুলের নবম শ্রেণির এবং সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
সোনাতলা থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শাহানা আকতার তার বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচকুড়ি ব্রীজের কাছে একটি বালু বোঝাই ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহানা আকতার মারা যান এবং তার ভাই আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। অপর দিকে বেলা ১১টার দিকে বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা নামক স্থানে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়।
বগুড়া শহরের নারম্নলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মহানুর রহমান ও সিফাত ইসলাম মোটরসাইকেল যোগে গাবতলীর পোড়াদহ মেলা থেকে শহরে ফিরছিল। বড়িয়া বটতলা এলাকায় বাইপাস সড়কে দু’টি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে আরোহীসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ ট্রাকের নীচে চাপা পড়ে থাকা মেটারসাইকেলসহ দু’জনের লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয় এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

































