বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি :
বিশালাকার মাছের জন্য বিখ্যাত বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আজ। প্রতি বছর মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটির আয়োজন করা হয়। বগুড়া গাবতলী উপজেলার পোড়াদহ মেলার ঐতিহ্য প্রায় দুইশ’ বছরের। ওই এলাকার প্রবীন ব্যক্তিরা জানান, প্রায় দুইশ’ বছর আগে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদীর শাখা (খাল) সংলগ্ন পোড়াদহ নামকস্থানে একটি বটবৃক্ষ তলে আয়োজন করা হতো সন্যাসী মেলা। কালের বিবর্তনে এই মেলা হয়ে ওঠে পূর্ব বগুড়ার বাসিন্দাদের মিলনমেলা। নদী তীরবর্তী স্থানে এই মেলায় ক্রমান্বয়ে নানা প্রজাতির মাছের আমদানি হতে শুরম্ন করে। এক সময় তা এই অঞ্চলে বড় মাছের মেলা হিসেবে পরিচিতি লাভ করে। ইছামতীর খালের পশ্চিমপাশে মাঠের আয়োজন করা হয় এই মেলার।
মেলা উপলক্ষে সেখানকার বাসিন্দাদের রেওয়াজ হয়ে উঠেছে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নিমন্ত্রণ করে খাওয়ানো। মেলায় শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, সার্কাস, হোন্ডা খেলা, বিভিন্ন প্রকার খেলনার দোকান বসে। মেলার একপাশে বসে গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে মসলাপাতির দোকানপাট। অপর পাশে বসে কাঠের আসবাবপত্রের দোকান। মেলার মিষ্টির দোকানগুলোতেও মাছ আকৃতির মিষ্টি তৈরি করে বিক্রি করেন দোকানীরা। এলাকার নতুন জামাইরা সেসব মিষ্টি কিনে নিয়ে যান শ্বশুরালয়ে।
মহিষাবান সার্বজনীন সন্যাসী পূজা উদযাপন কমিটির সভাপতি নিকুঞ্জ কুমার পাল জানান, এই মেলার প্রকৃত উদ্দেশ্য ছিলো সন্যাসী পূজা; সেটাই ছিলো মূলত ঐতিহ্য। কিন্তু বর্তমানে জায়গা নিয়ে জটিলতা ও মেলা উদযাপন কমিটির সমন্বয়হীনতার কারণে মেলার সেই ঐতিহ্য হারাতে বসছে। এখন মেলা কেন্দ্রিক কেনাকাটাই মুখ্য হয়ে উঠেছে।
পোড়াদহ মেলার আয়োজক ও মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, মেলার যে ঐতিহ্য তা টিকিয়ে রাখতে সর্বত্মক চেষ্টা চালানো হচ্ছে। মানুষ তাদের প্রাণের টানেই মেলায় আসে। আর আশপাশের গ্রামগুলো আত্মীয়-স্বজনের মিলন মেলায় পরিণত হয়। তিনি বলেন, মেলা প্রাঙ্গণের পূর্বপ্রান্তে রাস্তা ঘেঁষে মাছের আড়ত বসে। ভোর থেকে মেলায় আসা বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ী এসব আড়ত থেকে মাছ কিনে মেলায় বিক্রি করেন। মেলায় রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা পাইকারি মাছ বিক্রি করতে আসেন বলেও জানান তিনি।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় ইতিমধ্যে বিভিন্ন ধরণের দোকান সাজানো শুরম্ন হয়েছে। মেলার নিরাপত্তাসহ আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে সার্বক্ষণিক পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।
বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা
ফেব্রুয়ারি ২২, ২০২৪































