আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ছোট পর্দার এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের অভিনয় ছাড়াও মডেল হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে।রয়েছে গায়িকা ও লেখক হিসেবেও। করোনার আগে থেকেই অভিনয় থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। দর্শকদের কাছে সবসময় নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে গেছেন তিনি। নিজের দামটা ধরে রাখার জন্য করেছেন সর্বোচ্চ চেষ্টা।
সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী কুসুম শিকদার। বইমেলায় প্রকাশিত অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থে ‘শরতের জবা’ নামে একটি ছোট গল্প আছে। সেই গল্প থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘শরতের জবা’। শুধু প্রযোজনাই নয়, ছবির চিত্রনাট্য, পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন কুসুম। এরই মধ্যে ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। কিছুদিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু করবেন তিনি। কুসুম সিনেমার পুরো শুটিং করেছেন নড়াইল জেলায়। এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, আমার সিনেমা তৈরি। সব ঠিক থাকলে চলতি মাসের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দিতে চাই।
কুসুম আরও বলেন, সিনেমা হলের জন্য আলাদা করে প্রস্তুতি নিচ্ছি। একটা সময় নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করতেন কুসুম। তবে কয়েক বছর আগে এসব থেকে নিজেকে সরিয়ে নেন। মাঝখানে কিছুদিন নিজের কবিতা ও গানের মিউজিক ভিডিওতে মডেল হলেও অভিনয়ে আর ফেরা হয়নি। পরে তিনি পরিচালক ও অভিনেত্রী হিসেবে সামনে আসার পরিকল্পনা করেন।’
এই অভিনেত্রী ও নির্মাতা বলেন, সিনেমার সবকিছুর সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজটি করেছি। চিত্রনাট্য করেছি, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সব নিজে থেকে করেছি। কাজগুলো যেমন আনন্দের আবার কষ্টেরও। নির্মাতা হওয়া সহজ ব্যাপার নয়। আর আমার তো শুরু। অনেক কিছু শিখছি। তবে উপভোগও করছি।’
ছবিটিতে কুসুম শিকদারের সহ-অভিনেতা ইয়াশ রোহান। প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তারা। ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রকাশিত হয় কুসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’। ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’-এ কণ্ঠ দেন তিনি। এরপর ২০০২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর একের পর এক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করতে থাকেন কুসুম শিকদার। অভিনয় করেন তিনটি সিনেমায়ও। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। শেষ সিনেমার জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। তবে অনেক দিন ধরে মিডিয়া বাইরে ছিলেন তিনি।
আমন্ত্রণ/এজি
কুসুম শিকদার এবার নির্মাতা হয়ে আসছেন
জুলাই ১০, ২০২৪


































