অলংকার গুপ্তা, হাবিপ্রবি প্রতিনিধি :
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ এর পরিপত্র বহালের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা গত তিন দিন থেকে কর্মসূচি পালন করছেন। একইভাবে আজ রোববার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থানসহ প্রায় দেড় ঘন্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এসময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। লক্ষ্যনীয় যে অবস্থানরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সের যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতার পরিচয় দেন এবং খুব সহজেই অ্যাম্বুলেন্সের যাতায়াত নিশ্চিত করেন।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি কোটা নট ক্যামব্যাক, কোটা প্রথা নিপাত যাক- মেধাবীরা মুক্তি পাক, কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না-না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা তুমি লজ্জা লজ্জা, কোটা না মেধা? মেধা-মেধা, কোটা পুনর্বহাল মানি না- মানবো না, সুকান্তের ১৮ গর্জে ওঠো আবারো’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনে অংশ নেওয়া ইইই বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, “আমাদের দাবি হলো, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। “১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। আমরা চাই অতিদ্রুত তা বাস্তবায়ন করা হোক৷ এই সমস্যার সমাধান হলেই আমরা ক্লাস পরীক্ষায় ফিরবো।”
কোটা সংস্কারের পক্ষে মহাসড়ক অবরোধসহ অ্যাম্বুলেন্সের যাতায়াত নিশ্চিত করেন হাবিপ্রবি শিক্ষার্থীরা
জুলাই ৭, ২০২৪


































