মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐকমত হয়ে একসাথে কাজ করতে হবে। তবেই দেশটা মাদকমুক্ত করে তরুণ ও যুব সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ( কাঞ্চন) জেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, আমি জানি দিনাজপুরের মানুষ নম্র ও ভদ্র প্রকৃতির। এই জেলার মানুষ সাধারণভাবে চলাফেরা করতে ভালো বাসেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি’র প্রার্থীদের জয়যুক্ত করেছেন।এর জন্য আমি দিনাজপুরবাসীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, দিনাজপুর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর যথেষ্ট দুর্বলতা রয়েছে। কারণ প্রধানমন্ত্রীর নানি বাড়ি দিনাজপুরে এবং তার মরহুম মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই শহরে শৈশব কেটেছেন। এখানকার জনসাধারণের চাওয়া পাওয়ার বিষয় প্রধানমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, মাদকের ব্যাপারে কোন ধরনের আপোষ নেই। সরকার মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। যারা মাদক কারবারি, গডফাদার ও বিক্রয়কারি এবং মাদক সেবনের সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, মাদককারবারি, সন্ত্রাসী চাঁদাবাজ, ভ‚মিদস্য এরা যে দলের হোক বা পরিচয় দেক, তাদের কোন ছাড় দেয়া যাবে না। তিনি জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর -২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর -৫ আসনের এমপি এজেডএম রেজওয়ানুল হক।
এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ পুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাখি, দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ্ আল মঈন হাসান, দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো.আনিসুর রহমান প্রমুখ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরের মানুষের চাওয়া পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্ব রয়েছে –ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
অক্টোবর ১, ২০২৬































