আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নূরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক নূরুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদ এলাকার সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২৫ বস্তা চাল সংগ্রহ করে নিজ বাড়ির গুদামে মজুত করেন নূরুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ঘোড়াঘাট থানা পুলিশ।
অভিযানে নূরুল ইসলামের বাড়ির গুদাম তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার করা হয়। পরে জব্দ করা চালগুলো থানায় নিয়ে যাওয়া হয় এবং নূরুল ইসলামকে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত চালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমন্ত্রণ/এজি
ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ
সেপ্টেম্বর ২৮, ২০২৬
































