কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের পল্লীশ্রী সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) নারী ক্লাবের সদস্য এবং সেবাপ্রদানকারী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বাৎসরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামিম আরা পপি। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. কুলসুম, ইউপি সদস্য শংকর চন্দ্র রায়, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম হাসানুজ্জামান নুর প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সেবাগ্রহীতা নারী ক্লাবের সদস্য মেরী খাতুন, মোছা. গোলাপী বেগম, তসলিমা বেগম, মায়া, হিরা বেগম, মোছা. সাদাত, সুমারু কুজুর, সাবিনা খাতুন, পিংকি রায়, সিবানী উড়াও প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নীপা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান বলেন, নারী-পুরুষের সমতা এনে আমাদের দপ্তরের যে সেবাগুলো রয়েছে তার সাথে আপনাদের সম্পৃক্ত করা হচ্ছে। এতে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং সেবাগুলোর বিষয় অবগত হবেন। নারীদের সম্মানজনক অবস্থানে আনতে পারলে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে।
উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম তার বক্তব্যে বলেন, সমাজসেবা দপ্তরের অনেক সেবা রয়েছে তা নারী ক্লাবের সদস্যদের জানতে হবে। বিশেষ করে সরকারের দেওয়া বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা আমাদের যেমন দায়িত্ব সেবা গ্রহণ করাটাও আপনাদের দায়িত্ব।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি নুরনবী বলেন, মাদক ও নারী-শিশু সহিংসতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর দরজা খোলা রয়েছে। যে কোন আইনগত সমস্যায় পরলে সোজা থানায় চলে আসবেন অথবা ০১৩২০১৩৬৩৯১ নাম্বারে আমাকে সরাসরি ফোন দিবেন। তাৎক্ষনিক সহযোগিতা পাবেন।
সভাপতির বক্তব্যে শামিম আরা পপি বলেন, সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মধ্যে সমন্বয় সৃষ্টি করার মাধ্যমে নারী ক্লাবের সদস্যরা সচেতন হচ্ছে। নারীর অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, সহিংসতা প্রতিরোধ ও আইন বিষয় সেবা গ্রহণে নির্ভয়ে ও ন্যায্য বিচার প্রাপ্তির জন্য সদস্যরা সোচ্চার হচ্ছে। প্রকল্প শেষ হওয়ার পর সাধারন মানুষ, নারী নেতাগণ সেবা গ্রহণে সরকারি ও বেসরাকরি প্রতিষ্ঠানে নির্ভয়ে অভিগম্যতা বৃদ্ধি পাবেন বলে আমাদের বিশ্বাস।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সেবাগ্রহীতা এবং সেবাপ্রদানকারী সংস্থার প্রতিনিধিদের বাৎসরিক সমন্বয় সমাবেশ অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৮, ২০২৬
































