আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া)প্রতিবেদক :
গুড়ার ধুনট উপজেলায় পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূ ও এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার রামনারায়নপুর গ্রাম ও চিকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার রামনারায়নপুর গ্রামের দুলাল শেখের স্ত্রী রাহেলা বেগম (৫৫) এবং শেরপুর উপজেলার রণবীর বালা গ্রামের বাসিন্দা, মাজারভক্ত ও মানসিক ভারসাম্যহীন আমিনুল ইসলাম আরমান (৬৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহেলা বেগম দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। তাকে সুস্থ করে তুলতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও তিনি সুস্থ হয়ে ওঠেননি। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে স্বামীর ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় পরিবারের সদস্যরা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, শেরপুর উপজেলার রণবীর বালা গ্রামের আমিনুল ইসলাম আরমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে ফিরিয়ে আনলেও তিনি আবারও বেরিয়ে যেতেন। সর্বশেষ গত ১২ জুন বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে পৃথক স্থান থেকে গৃহবধূ ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুন ২০, ২০২৬


































