আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীর পানিতে ডুবে মারজিয়া খাতুন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের দাবুর বাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মারজিয়া খাতুন নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মারজিয়া খাতুন বাড়ির পাশের বাঙালি নদীর দাবুর বাড়ি ঘাট এলাকায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে নদীর কিনারায় পানিতে নামে। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের টিম লিডার জহুরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে নদীর তীব্র স্রোতের কারণে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ মারজিয়া খাতুনের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে বাঙালি নদীতে ডুবে শিশু নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল
জুন ১৩, ২০২৬


































