মাসউদ রানা, দিনাজপুর :
দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (রংপুর আর টি আই)-এ আয়োজিত ‘ফুড প্রসেসিং ও ক্যাটারিং’শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার প্রদর্শনী ও প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। স্বাবলম্বী ও দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সমবায় কার্যালয়ের সহায়তায় সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লি. এর সদস্য ইসরাত জাহান দোলা ও লাকি বানু ‘ফুড প্রসেসিং ও ক্যাটারিং’ বিষয়ে রংপুর আর টি আই থেকে ১২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লি.এর ফুলবাড়ী, সুজাপুর কার্যালয়ে নিজ হাতে তৈরি পুষ্টিকর ও সুস্বাদু খাবারের পসরা সাজিয়ে সমিতির উদ্যোগে একটি প্রদর্শনীর আয়োজন করেন।
আকর্ষণীয় শরবত ও খাবারের শৈল্পিকতা ছিল প্রদর্শনীর প্রধান আকর্ষণ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ঘুরে ঘুরে প্রদর্শনীটি পরিদর্শন করেন। তারা সমিতির বিভিন্ন কারুকাজ এবং প্রশিক্ষনার্থীদের রন্ধনশৈলী ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
সোমবার (৮জুন) দুপুর ১টায় প্রদর্শনীর পর কেক কেটে প্রশিক্ষনার্থীদের এক আনন্দঘন সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষনার্থীরা জানান, এই প্রশিক্ষণ কোর্স থেকে তারা ৩৫ প্রকার রান্নার আধুনিক কৌশল শিখেছেন এবং খাদ্যের পুষ্টিমান বজায় রাখা,স্বাস্থ্যবিধি, ক্যাটারিং ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান লাভ করেছেন।
অনুষ্ঠানে অভ্যাগত অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লি.এর সভাপতি নুসরাত জাহান, সহ-সভাপতি মোছা. শিরিন আক্তার শাপলা, সাধারণ সম্পাদক কবিতা রানী, উপদেষ্টা গিয়াস উদ্দিন, প্রথমা কেক কর্ণারের প্রতিষ্ঠাতা আজমিরা পারভিন সহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী আধুনিক ফুড প্রসেসিং ও ক্যাটারিংয়ের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষনার্থীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষনার্থীরা এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সরকারি সহায়তার মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলেও মন্তব্য করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করা হয়।
আমন্ত্রণ/এজি
দক্ষ মানবসম্পদ তৈরিতে সমবায় : ফুড প্রসেসিং ও ক্যাটারিং প্রশিক্ষণ নিয়ে সুস্বাদু খাবার প্রদর্শনী
জুন ১০, ২০২৬
































