বাবুলাল মার্ডী, দৈনিক আমন্ত্রণ, মিঠাপুকুর :
বিশেষ প্রণোদনা, শুক্রবার ও শনিবার ছুটি, চিকিৎসা বিলসহ ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। রোববার সকাল থেকে মিঠাপুকুরের শঠিবাড়ীতে সমিতির সদরদপ্তরের সামনে বিক্ষাভ ও প্রতিবাদ সভা করেন তারা।
আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড দীর্ঘদিন পল্লী বিদ্যুৎ সমিতির জনবলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। এর প্রতিবাদ করায় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বোর্ড। এরই পরিপ্রেক্ষিতে কর্মবিরতি পালন করছেন তারা। ১২ দফা দাবিতে সমিতির অন্তত সাড়ে ৬০০ কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল হাসান বলেন, কর্তৃপক্ষ বিষয়গুলো সমাধানের চেষ্টা করবে। তবে বিদ্যুৎ সঞ্চালন সচল রয়েছে। সমিতি বোর্ডের সভাপতি মুশফিকুর রহমান লিঙ্কন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন অসন্তোষ চলছে। তারই পরিপ্রেক্ষিতে এ কর্মবিরতি পালন করছেন তারা।


































