আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
আইপিএল ২০২৬-এ এখন সবচেয়ে বড় আলোচনার নাম তরুণ পেসার প্রিন্স যাদব। বৃহস্পতিবার রাতে লক্ষ্ণৌতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র বিপক্ষে তার করা একটি জাদুকরী ডেলিভারি ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আসরের মাঝপথেই অনেকে এটিকে ‘বল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।
ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি ছিল প্রিন্সের করা এক নিখুঁত আক্রমণ। অফ-স্টাম্পের পঞ্চম লাইনে গুড লেন্থে পিচ করা দ্রুতগতির বলটি যখন ভেতরে ঢোকার জন্য হালকা বাঁক নেয়, তখন তা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন বিরাট কোহলি।
কিন্তু বলটি এতটাই নিখুঁত ছিল যে, কোহলির ব্যাটের পাশ দিয়ে তা সরাসরি অফ-স্টাম্পের মাথায় আঘাত হানে। কিংবদন্তি এই ব্যাটারের এমন অসহায় আত্মসমর্পণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
প্রিন্সের এই বোলিং নৈপুণ্যে মুগ্ধ সাবকে ক্রিকেট তারকারা। সাবেক ক্রিকেটার আম্বাতি রায়ডু ইএসপিএন-ক্রিকইনফোর এক অনুষ্ঠানে বলেন, আমার মনে হয় না বিশ্বের কোনো ব্যাটসম্যানের পক্ষে ওই বলটি খেলা সম্ভব ছিল।
একইভাবে নিউজিল্যান্ডের কেটি মার্টিন প্রশংসা করে বলেন, এটি একজন ফাস্ট বোলারের স্বপ্নের ডেলিভারি। বিশেষ করে বিরাট কোহলির মতো ব্যাটারকে এভাবে আউট করা অবিশ্বাস্য।
আরসিবি অধিনায়ক রাজত পাটিদার হারলেও ম্যাচ শেষে প্রিন্সের প্রশংসা করতে কার্পণ্য করেননি। ঘরোয়া ক্রিকেটে প্রিন্সের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সে নিজের দক্ষতার ওপর অগাধ বিশ্বাস রাখে। তার হাতে পেস, সুইং এবং অনেক বৈচিত্র্য আছে। শুরুতেই ব্রেকথ্রু দেওয়ার ক্ষেত্রে সে একজন দক্ষ কারিগর।


































