মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুরে স্বাস্থ্য সেবাকে আরও গতিশীল ও জনমুখী করতে বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের নতুন করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাতে বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের হলরুমে ডাক্তার ইমার উদ্দিন কায়েসের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মো. ইমার উদ্দিন কায়েস এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবক ও বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন। কমিটির অন্যান্য সদস্যদের নাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, আজীবন সদস্য আনোয়ার হোসেন মিয়া, ওবায়দুল মিনহাজ,সাবেক ভাইস চেয়ারম্যান মনসুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, আবাসিক মেডিকেল অফিসার মইদুল ইসলাম, এডভোকেট শিরন আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিরামপুরে ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণে তারা কাজ করবেন।
নবনির্বাচিত আহ্বায়ক ডা. মো. ইমার উদ্দিন কায়েস বলেন, বিরামপুরের সাধারণ মানুষের জন্য একটি উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে চাই।
সদস্য সচিব মিঞা মো. শফিকুল আলম মামুন বলেন, ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনায় আমরা অগ্রাধিকার দেব।সমিতির নিজস্ব জমিতে আধুনিক মানের ভবন গড়ে তোলা হবে ।
এ সময় উপস্থিত অন্যান্যরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেন। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবে।
আমন্ত্রণ/এজি


































