আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল লতিফ ওরফে বিরেন সেখ (৪৭) নামে এক সরকারি কর্মচারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দুপুরে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রানডিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত বিরেন সেখ মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতী গ্রামের মোলা বক্সের ছেলে। তিনি কুড়িগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন। অনেক ক্ষেত্রে মোবাইল ফোনে যোগাযোগ করে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিতেন। শনিবার রাতে রানডিলা গ্রামের একটি সড়কে ইয়াবা বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
মাদকবিরোধী অভিযানে ধুনটে ইয়াবাসহ সরকারি কর্মচারী আটক
এপ্রিল ১৩, ২০২৬


































