গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জননেতা কমরেড আব্দুল মতিন তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসদ উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে মহান এই বিপ্লবীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালা মানিক দেব-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, কমরেড আব্দুল মতিন তালুকদার শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবাদী ও ত্যাগী বিপ্লবী।
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মেহনতি মানুষের প্রতিটি লড়াইয়ে তিনি সম্মুখ সারিতে ছিলেন। শোষিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও সমাজ পরিবর্তনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড শওকত হোসেন আহমেদ, কমরেড আবুল কালাম আজাদ বাবুল এবং কমরেড সামসুল আলম জুলফিকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আয়ুব হোসেন সরকার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম মতিন মোল্লা, উপজেলা সিপিবি-র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড সন্তোষ গুপ্ত সহ উপজেলার বাম-প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে বিপ্লবী কমরেড আব্দুল মতিন তালুকদারের স্বরণসভা অনুষ্ঠিত
এপ্রিল ১২, ২০২৬


































