বগুড়া ব্যুরো ও দুপচাঁচিয়া প্রতিবেদক :
গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট সরকারের মতই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এই দেশ দিল্লির তাবেদাবিতে চলবে না। শহীদ হাদীর রক্ত বৃথা যেতে দিবো না।
জুলাই অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শ্লোগান নিয়ে পদযাত্রা ও পথসভা উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া পথসভা তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই পথসভার আয়োজন করে।
সারজিস আলম বলেন, তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার মানুষও গর্ব করতে পারে বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে। কিন্তু স্পষ্ট করে একটি কথা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। ১৭ বছর পর আপনি যখন দেশে আসেন দেশের মানুষ যখন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বারের মতো বিদায় দিয়েছে যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে তাদের মুখের দিকে চেয়ে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে। আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন তাহলে জনগণ আগামীতে ভোট পাবেন। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন আগামীতে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ ভোট দিবে না।
বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীমের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহবায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আমন্ত্রণ/এজি
জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামীতে বিএনপিকে জনগণ ভোট দিবে না -সারজিস আলম
জুলাই ১৫, ২০২৬
































