আমন্ত্রণ ক্রীড়া প্রতিবেদক :
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠের পারফরম্যান্সে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ দল।
শুক্রবার (৩ এপ্রিল) ব্যাংককের আরটিএএফ টার্ফে অনুষ্ঠিত ম্যাচে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা বাংলাদেশকে হারিয়েছে ৩৬ নম্বরে থাকা শ্রীলঙ্কা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন সেরান বোথালে। তবে ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান বাংলাদেশের আশরাফুল ইসলাম।
সমতা ফেরানোর মাত্র তিন মিনিটের ব্যবধানে কুশাল ভিরাপুলির ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে সুরেশ রত্নায়েকে গোল করলে ব্যবধান ৩-১ হয়।
একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আমিরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে এই হারে পুল ‘বি’-তে কিছুটা পিছিয়ে পড়েছে দলটি। শ্রীলঙ্কা টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে।
বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে ৬ এপ্রিল শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে।
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
এপ্রিল ৩, ২০২৬


































