বগুড়া ব্যুরো :
বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচদিনব্যাপি বৈশাখি মেলা। আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৫ দিন শহরের পৌরপার্কে এই মেলা অনুষ্ঠিত হবে। বৈশাখি মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়া থিয়েটার ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ, বগুড়া পৌরসভা ও সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় বৈশাখী মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ উপলক্ষে সোমবার (৩০ মার্চ) রাতে স্থানীয় ম্যাক্স মোটেলে ৪৫ তম বৈশাখী মেলা আয়োজনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, বগুড়া থিয়েটারের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ খন্দকার, আইনজীবী ফোরামের সম্পাদক অ্যাডভোকেট মতিন মন্ডল, বগুড়া থিয়েটারের যুগ্ম আহ্বায়ক রুবল লোদী, কবির রহমান, ফারুক হোসেন, বগুড়া থিয়েটারের সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দ্বীনু, যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা জিয়ন, সংস্কৃতজন আব্দুল খালেক, নজরুল ইসলাম, মুরাদ সিদ্দিকী লিটন, ইসলাম রফিক, তাপসী দে, অলক পাল, রবিউল করিম, কলেজ থিয়েটারের নাট্যকর্মী প্রিয়াস চন্দ্র বর্মন, আমিরুল রকি প্রমুখ।‘
আয়োজক কমিটির পক্ষ হতে জানানো হয়, বৈশাখী মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, হারিয়ে যাওয়া লোকজ নানা খেলাধুলা, চারু-কারু পণ্যের প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হবে।
আমন্ত্রণ/এজি
































