বগুড়া ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে৷ বৃহষ্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। মিলন বুরইল গ্রামের দিলবরের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের বুড়ইলের শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশি নবীর শেখ নামে আরেক যুবকের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে দাঁড়িয়ে ছিল। এ সময় শামিম ৫ থেকে ৭ টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন দুর্বত্তদের নিয়ে সেখানে আসে। তারা ঘটনাস্থলে এসে অতর্কিতে মিলনের ওপর হামলা করে। এ সময় তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
হত্যার বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, কি ঘটনায় মিলনকে হত্যা করা হয়েছে তা এখনই বলতে পারছি না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ অভিযানে আছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
আমন্ত্রণ/এজি


































