বগুড়া ব্যুরো :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি (বুধবার) বগুড়ায় আসছেন। ১৯ বছর পর তিনি বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন। এজন্য জেলা বিএনপি তাকে বরণ করতে নানা প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে। নির্বাচন চলায় আচরণ বিধি মেনে তাকে বরণ করা হবে।
বগুড়া-৬ (সদর) আসনের এমপি পদপ্রার্থী তারেক রহমান। এজন্য তিনি বগুড়ায় নির্বাচনী জনসভা করবেন। আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় উপস্থিত হবেন। এ উপলক্ষে রবিবার (২৫) জানুয়ারি দুপুরে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন ।
পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আগামী ২৮ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসছেন। তিনি বগুড়ায় এসে আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্য কথা বলবেন। এ উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। তাঁর এই আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাঁকে বরণ করতে মুখিয়ে আছেন। তিনি আরও বলেন, এই জনসভাকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
এদিকে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আগামী ২৮ জানুয়ারি বুধবার দীর্ঘ ১৯ বছর পর বগুড়ার গর্বিত সন্তান আমাদের মহান নেতা তারেক রহমান বগুড়ায় আসছেন। পরের দিন ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করবেন তিনি। এজন্য সোমবার (২৬ জানুয়ারি)বগুড়া সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা আহবান করা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































