সাদাকাত আলী খান, দিনাজপুর :
জামায়াতে ইসলামীর আমির ও ১০দলীয় জোটের প্রধান নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে, উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী হবে দিনাজপুর। দিনাজপুর শহরকে আধুনিক সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে। সারা দেশের মধ্যে দিনাজপুরের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না।ফসল ঘরে উঠলেই কম দামে হলেও তারা ফসল বিক্রি করে দেন। ফলে ন্যায্য দাম থেকে সব সময় বঞ্চিত থাকেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথির অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ও এনসিপি নেতা ডা. আব্দুল আহাদ, দিনাজপুর-২ প্রার্থী অধ্যক্ষ এম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনে প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের প্রার্থী মো. মতিউর রহমান, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জুলাই যোদ্ধা একরামুল হক আবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে গোর-এ শহীদ ময়দানে নির্বাচনের জনসভার কাজ শুরু হয়। জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল সহযোগে জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতা কর্মীরা সমাবেশ স্থলে আসে। জুম্মার নামাজের পর জনসভার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জামায়াতে ইসলামীর আমির বেলা ২:৩০ টায় জনসভা স্থলে পৌঁছান। এ সময় জনসভায় যোগ দেয়া কর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে যায় পুরো ময়দান প্রাঙ্গণ।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বলেন উত্তরাঞ্চল সবসময় অবহেলিত ছিল।এই অবহেলিত অঞ্চলের মধ্যে দিনাজপুর ছিল অন্যতম। দেশের উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ দিনাজপুরে অঞ্চল থেকেই দেশে ফসলের যোগান দেয়। ২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে বৈষম্যের অবসান শুরু হয়েছে। আমরা সরকার গঠন করতে পারলে নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পেশা বৈষম্য দূর করা হবে। বৈষম্য দূর করা হবে ধর্ম বর্ণের। সবাই একসাথে থাকতে চাই। একটি বাগানের যেমন সব ধরনের গাছ নিয়ে বেড়ে উঠে, তেমনি এই দেশেই সকল মানুষকে নিয়ে উন্নত ভবিষ্যত তৈরি করতে চাই, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন, দিনাজপুরে গণঅভ্যুত্থানে ১১ জনসহ সারাদেশে সহস্রাধিক ছাত্র-জনতা জীবন দিয়েছে। আহত হয়েছে অগণিত। তাদের অবদানের শুকরিয়া আদায় করেন। ২৪ এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আপনারা যে যুদ্ধ করেছেন এরকম আরেকটি যুদ্ধ বাকি রয়েছে। যুদ্ধটি হচ্ছে ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দাঁড়িপাল্লা সহ জোটের সকল প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। জামায়াত আমির বলেন, জুলাই না হলে আজ আমরা দাঁড়াতে পারতাম না। প্রকাশ্যে কথা বলতে পারতাম না। নির্বাচন হতো না। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে আর ফ্যাসিস্ট জন্ম না নেয় এর জন্য সৎ মানুষদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। গণভোটে হাঁ পক্ষে ভোট দেয়ার জন্য জামায়াত আমির ভোটারদের প্রতি আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
কৃষকদের পণ্যের দাম নিশ্চিত করা হবে।।উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী করা হবে -ডা. শফিকুর রহমান
জানুয়ারি ২৩, ২০২৬


































