বগুড়া ব্যুরো ও সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জুলাই যোদ্ধা ও ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ফাজিল ডিগ্রি মাদরাসা মোড়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লাল মাহমুদ লাল, জুলাই যোদ্ধা নাজিব বিন নজরুল, নয়ন, আবদুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, শাহাজাদী আলম লিপিকে আওয়ামী লীগের নেতা ও দোসর হিসেবে আখ্যায়িত করেন।
উল্লেখ্য শাহাজাদী আলম লিপি আলোচিত পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনের স্ত্রী এবং আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে পরিচিত। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তাঁর পক্ষে হেদায়েতুল ইসলাম নামের এক ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে শাহাজাদী আলম লিপি বলেন, ‘আমার নামে যেসব মামলা রয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার সবার রয়েছে।’
ডামি প্রার্থী প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আগে আওয়ামী লীগ সরকারের সময়ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।’
আমন্ত্রণ/এজি
বগুড়া -১ আসন: স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
জানুয়ারি ২, ২০২৬


































