আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সনদ বাতিল হওয়া একটি এনজিও থেকে সঞ্চয় ও আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী সদস্যরা।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোসাইবাড়ি এলাকায় আশার আলো সমাজ কল্যাণ সংস্থা (এ.এস.কে.এস)-এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার সদস্য সাজেদা খাতুন, মুঞ্জুরি খাতুন, রিক্তা বেগম, সাবিনা ইয়াসমিন, গীতা রানী, হাওয়া বেগম, শিল্পি খাতুন, ফাহিমা আক্তার, মতিয়ার রহমান, জুয়েল রানা, সুমন, মামুন ও সুজন।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা সংস্থায় সঞ্চয় ও আমানতের টাকা জমা রাখলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত পাচ্ছেন না। তারা আরও জানান, সঞ্চয় ও আমানতের টাকা ফেরতের দাবিতে এর আগেই তারা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশার আলো সমাজ কল্যাণ সংস্থার সনদ বাতিল করে (নিবন্ধন নম্বর: ২১১১২-০০১৫৯-০০৭৬০)। একই সঙ্গে ২০২৫ সালের ৫ এপ্রিলের মধ্যে সংস্থাটিকে সকল সদস্যের সঞ্চয় ও আমানতের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, নির্দেশনা উপেক্ষা করে সংস্থাটি এখনো সদস্যদের টাকা ফেরত না দিয়ে অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দ্রুত টাকা ফেরত না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া সদস্যরা।
আমন্ত্রণ/এজি


































