বগুড়া ব্যুরো :
বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ‘বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি ‘গভীর ষড়যন্ত্র’হিসেবে অভিহিত করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকিব এ গায়েবানা জানাজা পড়ান ।
ইনকিলাব মঞ্চের বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. মুয়াজ বিন মোস্তাফিজের নেতৃত্বে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই প্ল্যাটফর্ম ভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং ‘আপ বাংলাদেশ’-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহসহ আরও অনেকে।
জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা স্লোগান দেন।
কর্মসূচির সমন্বয়ক মুয়াজ বিন মোস্তাফিজ বলেন, জুলাই বিপ্লবের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করব। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা ।জানাজাকে কেন্দ্র করে আলতাফুন্নেছা মাঠ ও শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।
বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের গায়েবানা জানাজা ও বিক্ষোভ
ডিসেম্বর ২০, ২০২৫


































