আমন্ত্রণ রিপোর্ট :
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের নিচে চাপা পড়ে মোছা. আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ারা বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের ভাগলপুর চিলাপাড়া গ্রামের মাজেদুল হকের স্ত্রী। নিহতের স্বামী মাজেদুল নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় স্বামী মাজেদুল হক, স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় (শাপলা চত্বর) এলাকায় মোড় নিতে গিয়ে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বগুড়াগামী টিউলিপ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-জ ১১-১০৪৩) সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী গৃহবধু আনোয়ারা বেগম ছিটকে বাসের চাকার নিচে পড়ে গেলে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ছেলে আব্দুল্লাহসহ ওইগৃহবধু গুরুতর আহত হন। তার স্বামীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাজেদুল প্রাণে বেঁচে গেলেও তাদের ছেলে আব্দুল্লাহর পায়ে আঘাত লাগে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলসহ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে বাস চাপায় গৃহবধু’র মৃত্যু
ডিসেম্বর ১৫, ২০২৫


































