আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় পাট উৎপাদন ও উন্নতমানের বীজ তৈরিতে চাষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) উপজেলা চত্বরে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন পঁচাত্তর জন কৃষক ও কৃষাণী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মসূচিতে পাটচাষের আধুনিক কৌশল, মানসম্মত বীজ উৎপাদন, সার প্রয়োগ, বীজতলা তৈরি ও বীজ সংরক্ষণসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বীজ থেকে পাটবীজ তৈরি এবং মাঠ পর্যায়ে এর সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ওসমান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল শামছুদ্দীন ফিরোজ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এবং উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান এবং কম্পিউটার অপারেটর সজীব আসলাম।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ তাদের পাটচাষে উৎপাদন বৃদ্ধি ও উন্নত বীজ তৈরিতে সহায়ক হবে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ৭৫ জন চাষীকে নিয়ে পাট উৎপাদন ও বীজ তৈরিতে দিনব্যাপী প্রশিক্ষণ
নভেম্বর ২৬, ২০২৫
































