আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা বিএনপি’র সভাপতি পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতিকে আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় নিমতলা মোড় নামক স্থানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখা বিএনপি’র সহসভাপতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. মাহমুদ অলম লিটন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল বাশার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মো. নজমুল হক নাজিম, সহসভাপতি ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মো. আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো. জুলফিকার আলীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কৃষকদলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এর আগে দুপুর দুইটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছলে তাঁকে বরণ করতে কয়েক হাজার নেতাকর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ফুলবাড়ীতে নিয়ে আসেন।
ফুলবাড়ী পৌরশহরের উর্বশী সিনেমা হল মোড়ে এক খোলা স্টেজে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি পদে বহাল করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































