আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বেলাল হোসেন (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত বেলাল হোসেন পূর্বগুয়াডহরী গ্রামের আশরাফ আলীর ছেলে এবং ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। সোমবার রাত ৮টার দিকে গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে বিএনপি মনোনীত এমপি প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচনী গণসংযোগ শেষে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় ২টি জীপ, ২টি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
ঘটনার পর মামলা দায়েরের চেষ্টা করা হলেও তৎকালীন সময়ে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রায় ছয় বছর পর ২০২৪ সালের ৭ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বেলাল হোসেনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় যুবলীগ নেতা আটক
নভেম্বর ১৮, ২০২৫


































