আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক থেকে ঝুলন্ত একটি ব্যাগে রাখা তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে অফিসের প্রবেশদ্বারে ঝুলতে থাকা ব্যাগটি দেখে সন্দেহ হলে ব্যাংক কর্তৃপক্ষ তা খুলে বিস্ফোরকগুলো শনাক্ত করে। খবর পৌঁছালে পুলিশ এসে ককটেলগুলো থানা হেফাজতে নেয় এবং পরে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করে।
গ্রামীন ব্যাংকের মথুরাপুর শাখাটি পিরহাটী গ্রামে মথুরাপুর–চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত। শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত জানান, ঘটনার কিছুক্ষণ আগে বোরকা পরা অজ্ঞাত পরিচয়ের দুই নারী গ্রাহকের ছদ্মবেশে অফিসের সামনে বারবার ঘোরাফেরা করছিল। তখন অফিসের ভেতরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তাদের আচরণে বিশেষ সন্দেহ হয়নি।
পরে ব্যাংকের প্রধান ফটকে ঝুলে থাকা একটি ব্যাগ নজরে আসলে সেটি খুলে দেখা যায় ভেতরে লাল রঙের তিনটি তাজা ককটেল রাখা রয়েছে। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে ওই দুই নারীই কৌশলে ব্যাগটি রেখে দ্রুত সটকে পড়ে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেওয়া হবে। তবে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উদ্ধার করা তিনটি তাজা ককটেল থানা হেফাজতে এনে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।তিনি আরও জানান, ব্যাংকের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে গ্রামীণ ব্যাংকের ফটকে ঝুলন্ত ব্যাগে মিলল ৩টি তাজা ককটেল
নভেম্বর ১৮, ২০২৫


































