প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিবেদক :
স্বপ্ন ছিল নিজের গ্রামের মাটিতেই কিছু নতুন করে দেখানোর সেই ভাবনা থেকেই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নতুনহাটের তরুণ কৃষি উদ্যোক্তা আসাদুজ্জামান রতন এখন আলোচনায়। তিনি পুকুরপাড়ের পরিত্যক্ত জমিতে বস্তায় করে আদা চাষ শুরু করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিভিন্ন কৃষি জার্নাল, ইউটিউব ও অনলাইন ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে রতন প্রথমবারের মতো ১ হাজার বস্তায় আদা চাষ শুরু করেছেন। তাঁর লক্ষ্য অল্প জায়গায় স্বল্প খরচে বেশি ফলন ও অধিক লাভ। ইতিমধ্যে সবুজে ভরে উঠেছে তাঁর বস্তাভর্তি আদাগাছ, যা এখন এলাকার কৌতূহলের কেন্দ্রবিন্দু।
রতন জানান, “পুকুরের ধারে জায়গাটা বছরের বেশিরভাগ সময় অব্যবহৃত পড়ে থাকত। তাই ভাবলাম, এই জায়গাটিকে কাজে লাগানো যায় কিনা। ইউটিউবে দেখে জানতে পারি, এখন অনেকেই বস্তায় করে আদা চাষ করছে। কৃষি অফিসের কিছু পরামর্শ নিয়ে আমি উদ্যোগটা নেই।”
তিনি আরো বলেন, “প্রথমে বস্তায় ঝুরঝুরে মাটি, গোবর সার, ছাই ও ভার্মিকম্পোস্ট মিশিয়ে আদার বীজ কন্দ বসাই। প্রতিটি বস্তায় প্রায় ৫০ গ্রাম করে আদা রোপন করেছি। সামান্য যতেœ অল্প সময়ের মধ্যেই গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছে।”
রতনের হিসাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে তাঁর খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা, আর ভালো ফলন পেলে তিনি ৩ থেকে ৪ গুণ লাভের আশা করছেন।
নিজপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, বস্তায় আদা চাষ একটি উদ্ভাবনী ও জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি। এতে মাটিবাহিত রোগের আশঙ্কা কম থাকে এবং অতিবৃষ্টি বা বন্যায় ক্ষতির ভয়ও থাকে না। প্রয়োজনে বস্তাগুলো অন্যত্র সরিয়ে নেওয়াও সহজ।
এছাড়া বাড়ির উঠান, ছাদ, এমনকি পতিত বা নিচু জায়গাতেও এই পদ্ধতিতে আদা চাষ সম্ভব। ফলে স্বল্প জায়গায় থেকেও কৃষকরা বাড়তি আয়ের পথ তৈরি করতে পারছেন।
নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, “আমাদের ইউনিয়নের তরুণ কৃষি উদ্যোক্তা রতনের মতো উদ্যোগী যুবকরা এখন কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আমি চাই, আমাদের ইউনিয়নের তরুণরা শুধু চাকরির আশায় শহরমুখী না হয়ে কৃষিকে আধুনিকভাবে গ্রহণ করুক। রতনের মতো উদ্যোগ সফল হলে আগামী মৌসুমে আরও অনেকেই এই পদ্ধতিতে আদা চাষে নামবে।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “রতনের মতো তরুণদের এগিয়ে আসা আমাদের কৃষির ভবিষ্যৎ বদলে দেবে। এই পদ্ধতি বর্তমানে টেকসই কৃষির অন্যতম দৃষ্টান্ত।”
স্বল্প ব্যয়ে অধিক লাভের আশায় এখন দেশের বিভিন্ন স্থানে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। কেউ করছেন জমিতে, কেউ করছেন বাড়ির উঠানে কিংবা ছাদেও। আধুনিক কৃষি প্রযুক্তি আর তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতায় বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। বীরগঞ্জের তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান রতন সেই পরিবর্তনেরই এক উজ্জ্বল উদাহরণ যেখানে পরিত্যক্ত পুকুরপাড় আজ হয়ে উঠেছে সবুজ সম্ভাবনার ক্ষেত।
আমন্ত্রণ/এসিজি


































