দৈনিক আমন্ত্রণ জয়পুরহাট প্রতিবেদক :
জয়পুরহাটের ক্ষেতলালের তুলসীগঙ্গা নদীর বটতলী ব্রিজের নিচ থেকে জনি হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) জনি হোসেন সকালে তার খালার বাড়ির উদ্দেশে বাড়ি থেকে বাহির হন। বেলা ১১টার দিকে উপজেলার তুলশীগঙ্গা নদীর বটতলী ব্রিজের নিচে স্থানীয় লোকজন একজনের মরদেহ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে ব্রিজ এলাকায় উৎসুক জনতার ভিড় জমতে থাকে। একজন মরদেহটি শনাক্ত করে পরিবারকে জানালে পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনি হোসেন ব্রিজ থেকে পড়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’


































