দৈনিক খানসামা প্রতিবেদক :
দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে রাতের আঁধারে ৩৫ শতক জমির পটোলগাছ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলামের খেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাথায় হাত পড়ছে কৃষক রফিকুল ইসলামের। কেননা, এই জমিটুকু চাষাবাদ করেই সংসার চলে তাঁর।
কৃষক রফিকুল ইসলামের ছেলে রিপন ইসলাম আজকের পত্রিকাকে জানান, আজ সোমবার সকালে খেতে গিয়ে দেখতে পান পটোলের সব গাছ মরে যাচ্ছে। পরে তিনি দেখতে পারেন মাচাংয়ের নিচে প্রতিটি পটোলগাছের গোড়া উপড়ে আছে। ৩৫ শতাংশ জমির প্রায় ৫০০-৬০০ পটোলগাছের সব উপড়ে ফেলে দুর্বৃত্তরা।
কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘অন্যের জমি চুক্তি নিয়ে চাষাবাদ করে পরিবার নিয়ে দিন পার করি। চুক্তি নেওয়া প্রায় ৩৫ শতাংশ জমিতে অনেক আশা নিয়ে পটোল লাগিয়েছিলাম। ফলনও ভালো হয়েছে। দু-এক দিনে বাজারজাত করা যেত, কিন্তু সেটা আর হলো না।’
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’


































